সামাজিক মাধ্যম থেকে কর আদায়ে ব্যর্থতায় এনবিআরকে নোটিস

ফেসবুক, গুগল, ইউটিউব, ইয়াহু, আমাজনসহ অন্যান্য ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সব ধরনের কর আদায় নিয়ে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন না করায় এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) চেয়ারম্যানের উদ্দেশে আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল রবিবার আইনি সংস্থা ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব ও ব্যারিস্টার মো. কাউছার এই নোটিস পাঠান। এতে ১০ দিনের সময় দিয়ে বলা হয়েছে, নোটিসের ব্যত্যয় হলে আদালত অবমাননার অভিযোগ এনে হাইকোর্টে মামলা করা হবে।

নোটিসের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ৮ নভেম্বর হাইকোর্টের এক রায়ে প্রতি ছয় মাস অন্তর এসব ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, ডোমেইন বিক্রি, লাইসেন্স ফিসহ সব ধরনের লেনদেন থেকে মূসক, টার্নওভার কর ও সম্পূরক শুল্কসহ সব ধরনের কর এবং তাদের কাছ থেকে আয়কর আদায়ে চারটি সুনির্দিষ্ট নির্দেশনা দেয়। আরোপিত মূল্য সংযোজন কর এবং আয়কর প্রদানসহ সব ধরনের বকেয়া রাজস্ব আদায়ের বিবরণী হলফনামার মাধ্যমে হাইকোর্টে দাখিল করার নির্দেশনা ছিল হাইকোর্টের রায়ে। কিন্তু এনবিআর আদেশ প্রতিপালন করেনি, যা আদালত অবমাননার শামিল। নোটিসে এনবিআরের চেয়ারম্যানকে উদ্দেশে করে বলা হয়, ‘আপনি সর্বোচ্চ আদালতের আদেশ পেয়েছেন এবং আদালতের আদেশ সম্পর্কে ভালোভাবে অবগত। আদালতের আদেশ মেনে চলতে আপনি বাধ্য। কিন্তু এখনো দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ আমলে নেননি। আদালতকে ইচ্ছাকৃতভাবে অবহেলা এবং অবমাননার জন্য আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন করা হবে।’