প্রবাসীর ১৭ ভরি স্বর্ণ ছিনতাই এসআইয়ের!

চট্টগ্রামের আক্তারুজ্জামান ফ্লাইওভারে এক প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের সময় সোর্সসহ পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে নগরের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন খুলশী থানার এসআই আমিনুল ইসলাম ও সোর্স মো. জাহেদ।

স্থানীয় ও পুলিশ জানা গেছে, গত ১২ তারিখ সৌদি আরব থেকে দেশে আসেন আব্দুল মালেক। দেশে ফেরার আগে স্বর্ণের আটটি চুড়ি কেনেন। তবে ভুলে তা ফেলে আসেন সৌদিতে। গতকাল তার বড় ভাইয়ের মাধ্যমে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭ ভরি স্বর্ণ নিয়ে চট্টগ্রামের লোহাগাড়ার বাড়িতে ফিরছিলেন। পথে নগরের টাইগারপাস এলাকায় তাকে আটক করেন এসআই আমিনুল ইসলাম। এ সময় তার সোর্স মো. জাহেদ উপস্থিত ছিলেন। পুলিশ পরিচয়ে তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেন তারা। নগরের বিভিন্ন সড়কে ঘুরিয়ে স্বর্ণ ছিনিয়ে আখতারুজ্জামান ফ্লাইওভারে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে খবর পেয়ে পাঁচলাইশ থানা-পুলিশ আমিনুল ইসলাম ও মো. জাহেদকে আটক করে।

নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেছুর রহমান জানান, পাঁচলাইশ থানা-পুলিশ আটক করলেও ঘটনাস্থল খুলশী থানার আওতায় হওয়ায় আসামিদের সেই থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে জানতে খুলশী থানার ওসি নেয়ামত উল্ল্যাহকে মোবাইলফোনে কল দিলেও সাড়া পাওয়া যায়নি।