ঢাকার চার জেলায় পরিপাকতন্ত্রের প্রদাহজনিত রোগী বেশি

দেশের চার জেলায় পরিপাকতন্ত্রের মারাত্মক প্রদাহজনিত ‘ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ’ বা আইবিডি রোগী বেশি বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। বিশ্ববিদ্যালয়ের গবেষণার তথ্য অনুযায়ী, দেশের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে। এই বিভাগের মধ্যে বেশি রোগী চার জেলায় ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও রাজবাড়ী।

গতকাল রবিবার আইবিডি দিবস উপলক্ষে বিএসএমএমইউতে অনুষ্ঠিত এক সেমিনারে এ তথ্য প্রকাশ করা হয়। সেমিনারে চিকিৎসকরা জানান, আইবিডি এমন একধরনের ব্যাধি, যা মানুষের পরিপাকতন্ত্রে মারাত্মক প্রদাহ সৃষ্টি করে থাকে। এ রোগটি সম্পূর্ণ নিরাময়যোগ্য নয়। রোগীকে সারা জীবন চিকিৎসা নিতে হয়। এ জন্য রোগীদের ওষুধ দেওয়ার পাশাপাশি জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের পরামর্শ দেওয়া হয়। সেমিনারে উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রচুর গবেষণা হচ্ছে, মানুষকে তা জানাতে হবে। গুরুত্বপূর্ণ প্রকাশনাসহ আন্তর্জাতিক জার্নালে তা প্রকাশ করতে হবে। তবেই বিশ্ববিদ্যালয়ের গবেষণার খ্যাতি বিশ্বে ছড়িয়ে পড়বে। আইবিডি ক্লিনিকে চলমান গবেষণার বিষয়েও মানুষকে জানাতে হবে।

সেমিনারে উপাচার্য রোগীদের রোগ নির্ণয়ের ক্ষেত্রে চিকিৎসকদের সতর্কতার সঙ্গে ডায়াগনসিস করার আহ্বান জানান। তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান বা কোনো বিভাগে কোনো মেশিন যেন বাক্সবন্দি না থাকে, দীর্ঘদিন নষ্ট হয়ে না পড়ে থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেওয়ান সাইফুদ্দিন আহমেদ। বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ ও আইবিডি ক্লিনিকের সমন্বয়ক অধ্যাপক ডা. চঞ্চল কুমার ঘোষ এবং ফেইজ বির রেসিডেন্ট ডা. অদিতি সরকার। সঞ্চালনা করেন গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফজলুল করিম চৌধুরী।