ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, মহানগরীতে চুরির বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। গ্রেপ্তারকৃত চোরদের যেন জামিন না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা ও জামিন পেলেও তাদের গতিবিধি নজরে রাখতে হবে। গতকাল রবিবার সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে গত এপ্রিল মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
ডিএমপি কমিশনার বলেন, যেসব এলাকায় চুরি হয় ওই এলাকার নৈশপ্রহরীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। প্রয়োজনে নৈশপ্রহরী ও বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসারদেরও চুরি প্রতিরোধে সক্রিয় করা হবে। পাশাপাশি নিরাপত্তার বিভিন্ন বিষয়ে তাদের সচেতন করা হবে।