কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেনেড ও বন্দুকসহ মিয়ানমারের রাখাইন রাজ্যভিত্তিক আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) আরও চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে তিন ঘণ্টার অভিযানে তাদের গ্রেপ্তার ও এসব অস্ত্র উদ্ধার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
উদ্ধার করা অস্ত্রে মধ্যে রয়েছে চারটি হ্যান্ড গ্রেনেড, দেশীয় তৈরি সাতটি বন্দুক, নয়টি গুলি ও দুটি কিরিচ। এ ছাড়া চার্জারসহ দুটি ওয়াকিটকি, হ্যান্ড গ্রেনেডে ব্যবহৃত দুই প্যাকেট লোহার বল ও কয়েকটি হেলমেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার করা চারজন হলো উখিয়া উপজেলার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৮১ ব্লকের দ্বীন মোহাম্মদের ছেলে আমির হোসেন, একই ক্যাম্পের এইচ-১০০ ব্লকের ফজল করিমের ছেলে জিয়াউর রহমান, ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৪ ব্লকের আব্দু সালামের ছেলে সৈয়দুল আমিন ও ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১ ব্লকের বাদশা মিয়ার ছেলে মো. হারুন।
গতকাল বিকেল ৪টায় রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ এপিবিএন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ ইকবাল।