উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। প্রার্থিতা ফিরে পেতে তার করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার (১৯ মে) রুলসহ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী ও ব্যারিস্টার মোহাম্মদ আশরাফ আলী। নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান।
ব্যারিস্টার মোহাম্মদ আশরাফ আলী জানান, একইসঙ্গে তাকে (জামিল হাসান দুর্জয়) নির্বাচনে অংশ নিতে সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
জামিল হাসান দুর্জয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীর বড় ভাই। তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দুর্জয় শ্রীপুর উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন।
এদিকে রবিবার দুপুরে দুর্জয়ের প্রার্থিতা ফিরে পাওয়ার খবর ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে তার কর্মী-সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। দুপুর থেকেই কর্মী-সমর্থকরা ফের প্রচারণা শুরু করেন।