ইরানের প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের মরদেহ উদ্ধার, নেয়া হচ্ছে তাবরিজে

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সহযাত্রীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ তাবরিজ শহরে পাঠানো হচ্ছে।

সোমবার এই তথ্য জানান ইসলামিক রিপাবলিক রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরসিএস) প্রধান পীর হোসেন কোলিভান্দ। খবর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার।

টেলিভিশনে দেওয়া মন্তব্যে তিনি বলেন, পূর্ব আজারবাইজান প্রদেশে যেখানে তাবরিজের শহীদদের সমাধিস্থ করা হয়েছে সেখানে প্রেসিডেন্টসহ অন্যান্যদের মরদেহ পাঠানো হয়েছে। এছাড়া বৃহৎ আকারের অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ ঘোষণা হয়েছে বলেও জানান তিনি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে নিহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে।

 

 

এর আগে সোমবার সকালে হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতিসহ হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন বলে জানায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমসহ ইরানি কর্মকর্তারা।

রোববার পূর্ব আজারবাইজানের উত্তর-পশ্চিম প্রদেশের ভারজাকান অঞ্চলে ইরানের অষ্টম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়।