কাশ্মিরী কন্যার ঝড়ে জয়রথে মোহামেডান

আগের ম্যাচে করেছিলেন ঝড়ো সেঞ্চুরি, আজও দেড়শ’র বেশি স্ট্রাইক রেটে তুলে নিলেন অপরাজিত ফিফটি। ৩৩ বলে ৮ চার ও ২ ছক্কায় থামতে হলো ৫২ রানে। কেননা ততোক্ষণে ম্যাচ জেতা হয়ে গেছে মোহামেডানের। নারীদের ডিপিএলে সিটি ক্লাবের বিপক্ষে ৯ উইকেটের জয় ‍তুলে নিয়েছে মোহামেডান।

মোহামেডানের জয়ের ভিত গড়ে দেন পেসার ফারিহা তৃষ্ণা। বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ে নামা সিটি ক্লাবকে রুখে দেন মাত্র ৮২ রানে। ৮.২ ওভারে ২৯ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তৃষ্ণা। ২টি করে উইকেট নেন অধিনায়ক সালমা খাতুন, রুমানা আহমেদ ও সাদেকুন নাহার। সিটির হয়ে সর্বোচ্চ ২৪ রান আসে গার্গি সুনিল ওয়াঙ্কারের ব্যাটে।

জবাবে কাশ্মিরি কন্যা জাসিয়া আখতারের ঝড়ো ফিফটির পাশাপাশি আয়েশা রহমানের ২৩ বলে ২১ রানের অপরাজিত ইনিংসে ১০.৫ ওভারেই ৯ উইকেটের জয় তুলে নেয় মোহামেডান।