মোটরসাইকেল নিয়ে শোডাউন, জরিমানা গুনলেন ইউপি চেয়ারম্যান

বরগুনার তালতলীতে মোটরসাইকেল নিয়ে শোডাউন করায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইউপি চেয়ারম্যান বাচ্চু মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

রবিবার (১৯ মে) সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেল শোডাউনের সময় আচরণবিধি নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জরিমানা করেন।

মো. বাচ্চু মিয়া নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রেজবি উল কবির জোমাদ্দারের সমর্থক।

জানা গেছে, নিশানবাড়িয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু মিয়া দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রেজবি উল কবিরের পথ সভায় যোগদান দিতে একত্রিত হন। এমন সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে তাকে ৫০ হাজার টাকা  জরিমানা করেন। এই ঘটনায় চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি অমিত দত্ত বলেন, মো. বাচ্চু মিয়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোডাউন করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।