রাইসির মৃত্যুতে যা বললেন পুতিন

গতকাল রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ তাদের সফর সঙ্গীরা।

রাইসির মৃত্যুকে একটি "অপূরণীয় ক্ষতি” বলছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর সিএনএন।

সোমবার ক্রেমলিনের এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে একজন "অসামান্য রাজনীতিবিদ" হিসেবে অভিহিত করে বলেন তার মৃত্যু একটি "অপূরণীয় ক্ষতি"।

বিবৃতিতে পুতিন বলেন, "রাশিয়ার সত্যিকারের বন্ধু হিসাবেএবং প্রতিবেশী দেশগুলির মধ্যে সম্পর্ক উন্নয়নে অমূল্য ব্যক্তিগত অবদান রেখেছিলেন রাইসি। এছাড়া তাদের কৌশলগত অংশীদারিত্বের স্তরে নিয়ে আসার জন্য দুর্দান্ত প্রচেষ্টা করেছিলেন তিনি।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাইসি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানকে "রাশিয়ার সত্যিকারের, নির্ভরযোগ্য বন্ধু" হিসাবে অভিহিত করেন। তিনি বলেন, ‘তাদের মৃত্যুতে রাশিয়া গভীরভাবে দুঃখিত।‘

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "পারস্পরিকভাবে রাশিয়ান-ইরান সহযোগিতা এবং আস্থাপূর্ণ অংশীদারিত্বকে শক্তিশালী করার ক্ষেত্রে তাদের (রাইসি এবং আমির-আব্দুল্লাহিয়ান) ভূমিকা অমূল্য। আমরা আন্তরিকভাবে নিহতদের পরিবার এবং ইরানের সমস্ত বন্ধুত্বপূর্ণ মানুষের প্রতি সমবেদনা জানাই।"

মূলত ইউক্রেনে রাশিয়ার হামলার সময় থেকেই রাশিয়াকে সমর্থন জানিয়ে এসেছে ইরান। ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে রাশিয়া ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক আরও স্পষ্ট হয়ে উঠেছে। ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন দিয়েছে যা ইউক্রেনে হামলার ক্ষেত্রে ব্যবহার করেছে রাশিয়া।