রাইসির জানাজা কখন জানাল ইরান

গতকাল রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ তাদের সফর সঙ্গীরা।

ইতিমধ্যে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং মরদেহগুলো তাবরিজ শহরে পাঠানো হয়েছে। সমাপ্ত ঘোষণা করা হয়েছে উদ্ধার অভিযান।

এবার জানা গেল ইব্রাহিম রাইসির জানাজা আগামীকাল মঙ্গলবার তাবরিজে অনুষ্ঠিত হবে, যে শহরে তিনি গতকাল ভ্রমণ করেছিলেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ডস কর্পসের সাথে সংযুক্ত দেশটির আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের কর্মকর্তাদের বরাত দিয়ে তাসনিম নিউজ জানায়, ইরানের প্রেসিডেন্টের সাথে নিহত অন্যান্যদের জানাজাও সেখানে অনুষ্ঠিত হবে। তার আগে মরদেহগুলো তাবরিজের একটি ফরেনসিক বিভাগে নিয়ে যাওয়া হবে।

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের মৃত্যুতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও ইরানে পাঁচ দিনের শোক ঘোষণা করেছেন।