শিল্পীদের হৃদয়ই আপনার চেয়ার, ডিপজলকে চিত্রনায়িকা রত্না

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (২০২৪-২৬) মেয়াদি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ডিপজল তার পদে বসতে পারবেন না। সেই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২০ মে)  বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিপজল বলেন, ‘আমি বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল। হাইকোর্ট যেহেতু রায় দিয়েছেন এখানে কিছু বলার নাই। তবে বিষয়টি নিয়ে আমাদের কমিটির সঙ্গে আলোচনা করে দুই এক দিনের মধ্যে আমারা চেম্বার জজ আদালতে যাব।’

এদিকে শিল্পী সমিতির বেশিরভাগ সদস্যই ডিপজলের পক্ষে কথা বলছেন। এদিন এক ফেসবুক স্ট্যাটাসে চিত্রনায়িকা রত্না লিখেন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল আপনি শিল্পীদের ভোটে নির্বাচিত! আপনি শিল্পীদের ভোটকে অসম্মান করবেন না। আপনার কাজ আপনি চালিয়ে যাবেন! আমরা আছি আপনার পাশে!

শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার প্রসঙ্গ টেনে তিনি আরও লিখেন, আগামী দুই বছর শিল্পী সমিতির কল্যাণে যা যা করা লাগে আপনি করবেন! ঐ চেয়ারে বসেই আপনাকে কাজ করতে হবে এমন কোন কথা নেই! আপনার চেয়ার শিল্পী হৃদয়। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

এর আগে গত ১৫ মে নিপুণের পক্ষে একটি রিট আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায়। রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ আনা হয়। পাশাপাশি ঘটনা তদন্তে কমিটি গঠনের পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা ও মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনেও নিষেধাজ্ঞা চাওয়া হয়।