প্রাইভেট কারের চাপায় পুলিশ কর্মকর্তার স্ত্রীর মৃত্যু

সাভারে অজ্ঞাত গাড়ি চাপায় হাফিজা আক্তার তানিয়া (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই নারীর স্বামী পুলিশ কর্মকর্তা আরিফ হাসান।

আজ সোমবার দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী। এর আগে রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাদুরচর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহত হাফিজা আক্তার তানিয়ার স্বামী আরিফ হাসান ধানমন্ডি থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার রাতে আরিফ-তানিয়া দম্পতি মোটরসাইকেলযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ঢাকায় ফেরার পথে সাভারের যাদুরচর এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাদেরকে চাপা দেয়। এ সময় তারা দুজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তানিয়াকে মৃত ঘোষণা করেন।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক ইউসুফ আলী বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তানিয়া মারা যান। বর্তমানে আরিফ হাসান এই হাসপাতালে চিকিৎসাধীন। 

আহত পুলিশ কর্মকর্তার ছোট ভাই মো. তারেক হোসেন জানান, আরিফ মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে ঢাকায় ফেরার সময় উল্টো দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আরিফ ও তানিয়া সড়কে ছিটকে পড়লে প্রাইভেট কারটি তানিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ঢাকা বলেন, সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তার স্ত্রী তানিয়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছে। তবে কোন গাড়ি তাদের চাপা দিয়েছে তা এখনো জানা যায়নি।