বাগদান সেরেছেন ‘বাহুবলী’ খ্যাত আনুশকা, পাত্র কে?

‘বাহুবলী’ সিনেমা মুক্তির পর থেকেই গুঞ্জন চাউর হয়েছিল দক্ষিণের দুই জনপ্রিয় তারকা প্রভাস ও আনুশকা শেঠি প্রেম করছেন। পর্দার বাইরে ব্যক্তিজীবনেও সম্পর্কে জড়িয়েছিলেন দুজন, এমন ধারনাই চলছিল অনুরাগীদের মনে। একাধিকবার শিরোনামে উঠে এসেছে তাদের কথিত প্রেমের গল্প, শোনা গিয়েছিল বিয়ের কথাও!

তবে হঠাৎ করেই সবকিছুর সমাপ্তি ঘোষণা করল  একটি সংবাদ! বাগদান সেরে ফেলেছেন আনুশকা শেঠি! দক্ষিণী ইন্ডাস্ট্রির বাতাসে এখন এই খবরই ভেসে বেড়াচ্ছে। প্রভাস নয়, কন্নড় এক প্রযোজককে জীবনসঙ্গী বানাচ্ছেন আনুশকা।

টাইমস অব ইন্ডিয়া বলছে, প্রযোজকের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন বাহুবলীর দেবসেনা। চলতি বছরের শেষেই বিয়ে করবেন দুজনে। তবে ওই প্রযোজকের নাম এখনও জানা যায়নি।

এখনই অভিনেত্রীর পরিবার বিয়ে নিয়ে কোনও কিছু প্রকাশ্যে আনতে চাইছে না। আনুশকা শেঠি তার সমবয়সী জীবনসঙ্গীই খুঁজেছেন। অর্থাৎ ৪২ বছরের আনুশকার হবু স্বামীর বয়সও নাকি তাই। 

এই খবর প্রকাশ্যে আসতেই মন ভাঙল প্রভাস-আনুশকা শেঠি জুটির ভক্তদের। একসঙ্গে একাধিক চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন তারা। ভক্তদের মধ্যেও তাদের নিয়ে প্রত্যাশার পারদ চড়ছিল। যদিও নিজেদের সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছেন উভয় তারকা।