ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার ক্রেমলিনের বরাতে রয়টার্স এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, পুতিনের সঙ্গে মোখবারের কথা হয়েছে। তারা রাশিয়া-ইরানের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের অভিপ্রায় ব্যক্ত করেছেন। দুই নেতাই পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানে শোকবার্তা পাঠিয়েছেন। তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আবদুল্লাহিয়ানসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতের খবরে দুঃখ ও শোক প্রকাশ করে বলেন, ইরানকে সহযোগিতা করার জন্য এই মুহূর্তে যা যা প্রয়োজন সব করতে প্রস্তুত রয়েছে রাশিয়া।
প্রসঙ্গত, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ৬৩ বছর বয়সী রাইসি ছাড়াও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতিসহ কয়েকজন সফরসঙ্গী।