ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ালেন রাদুকানু

ক্যারিয়ারের শুরু থেকেই চোটের আঘাতে বেশ ভুগতে হয়েছে এমা রাদুকানুকে। চোটের কারণে ফিটনেসজনিত বাড়তি সমস্যায়ও পড়েছেন তিনি। এবার ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ালেন ব্রিটিশ এই টেনিস খেলোয়াড়।

২০২১ সালে ইউএস ওপেন জিতেছিলেন রাদুকানু। এরপর অবশ্য টেনিস কোর্টে সেভাবে আলো ছড়াতে পারেননি। বর্তমানে কোন চোটে নেই ২১ বছর বয়সী রাদুকানুর। তবে বছরের বাকি সময়ে নিজেকে ফিট রাখার জন্যই ক্লে কোর্টের এই গ্র্যান্ড স্ল্যাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

বাছাই পর্ব শুরুর আগে নিজের নাম সরিয়ে নিয়ে এক বিবৃতিতে রাদুকানু বলেন, 'ঘাসের কোর্ট ও হার্ড কোর্টের মৌসুম শুরুর আগে নিজেকে সুযোগ দিনে চাই। বছরের বাকি সময় ফিট রাখতে চাই।'

ফর্মহীনতা আর চোটের ধাক্কায় র‍্যাঙ্কিংয়ে ক্রমেই পিছিয়েছেন রাদুকানু। গত বছর কব্জি ও গোড়ালির চোটের অস্ত্রোপচার করানো এই খেলোয়াড়ের বর্তমান র‍্যাঙ্কিং ২১২।

ফলে এবারের ফ্রেঞ্চ ওপেনে সরাসরি সুযোগ পাননি তিনি, ওয়াইল্ডকার্ডও পাননি।