পঞ্চম দফায় সবচেয়ে ধনী প্রার্থীর রয়েছে ২১২ কোটি, গরিব প্রার্থীর ৬৭ টাকা

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ হয়েছে আজ। সোমবার (২০ মে) স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয় ভোটগ্রহণ। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ছয় রাজ্য এবং দুই কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে এক যোগে চলেছে ভোটগ্রহণ। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়, পঞ্চম দফায় ৪৯টি আসনে ভাগ্য নির্ধারণ হবে ৬৯৫ জন প্রার্থীর। তার মধ্যে রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল থেকে শুরু করে একাধিক হেভিওয়েট প্রার্থী। এই প্রার্থীদের মধ্যে অনেকেই যেমন রয়েছেন ধনকুবের, আবার অনেকেই চালচুলোহীন দরিদ্র প্রার্থী। 

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)-এর তথ্য অনুযায়ী, ৬৯৫ জন প্রার্থীর মধ্যে ২২৭ জনই কোটিপতি। এডিআরের তথ্য অনুযায়ী, এই দফায় সবচেয়ে ধনী প্রার্থী হলেন বিজেপির অনুরাগ শর্মা। তিনি উত্তর প্রদেশের ঝাঁসি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।তার মোট সম্পত্তির পরিমাণ ২১২ কোটি টাকা। 

অপরদিকে পঞ্চম দফার দরিদ্রতম প্রার্থী কাশ্মীরের বারামুলা কেন্দ্রের মহম্মদ সুলতান গনি। নির্দল এই প্রার্থীর কাছে রয়েছে মাত্র ৬৭ টাকা।