পশ্চিমারা চুপ

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। তবে পশ্চিমা দেশগুলোর নেতারা রয়েছেন চুপ।

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেছেন, প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে ইরান একজন জ্ঞানী ও বিজ্ঞ নেতাকে হারাল। বিভিন্ন সংকটে প্রেসিডেন্ট রাইসির দূরদর্শী পদক্ষেপ ও সাহস আমাদের জন্য অনুপ্রেরণার মডেল হয়ে থাকবে। রাষ্ট্রপতি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও ইরানের ভাতৃপ্রতিম জনগণের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, ‘দুঃখের এই সময়ে, বাংলাদেশ সরকার ও আমার নিজের পক্ষ থেকে আমি ইরানের সরকার ও ভ্রাতৃপ্রতিম দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। প্রেসিডেন্ট রাইসি একজন জ্ঞানী ও নিঃস্বার্থ নেতা ছিলেন। ইরানের জনগণের কল্যাণে কাজ করে গেছেন।’

শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এক্স-এ পোস্ট করে তিনি লিখেছেন, প্রেসিডেন্ট রাইসির মর্মান্তিক মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। তিনি আরও বলেন, ‘ভারত দুঃখের সময় ইরানের পাশে আছে।’

রাইসির মৃত্যুতে শোক জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, তার দেশ শোক দিবস পালন করবে এবং রাইসি ও তার সঙ্গীদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য পতাকা অর্ধনমিত থাকবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘আমি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের আরও কয়েকজন কর্মকর্তার মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত।’

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রেসিডেন্ট রাইসিকে একজন নিঃশর্ত বন্ধু এবং অসাধারণ নেতা হিসেবে প্রশংসা করেছেন।

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল লিখেছেন, হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ানের মৃত্যু ও সেই সঙ্গে তাদের প্রতিনিধিদলের অন্যান্য সদস্য এবং ক্রুদের জন্য আন্তরিক শোক প্রকাশ করছে ইউরোপীয় ইউনিয়ন।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রেসিডেন্ট রাইসি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আবদুল্লাহিয়ানের মৃত্যুতে ‘আন্তরিক সমবেদনা’ জানিয়েছেন। সমবেদনা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রীও।

রাশিয়ার প্রেসিডেন্ট ইরানে শোকবার্তা পাঠিয়েছেন। তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আবদুল্লাহিয়ানসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতের খবরে দুঃখ ও শোক প্রকাশ করে বলেন, ইরানকে সহযোগিতা করার জন্য এই মুহূর্তে যা প্রয়োজন, সব করতে প্রস্তুত রয়েছে রাশিয়া।

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, রাইসির মৃত্যু একটি ‘অপূরণীয় ক্ষতি’। গতকাল ক্রেমলিনের এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে একজন ‘অসামান্য রাজনীতিবিদ’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, তার মৃত্যু একটি ‘অপূরণীয় ক্ষতি’।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাইসি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আবদুল্লাহিয়ানকে ‘রাশিয়ার সত্যিকারের, নির্ভরযোগ্য বন্ধু’ হিসাবে অভিহিত করেন। তিনি বলেন, ‘তাদের মৃত্যুতে রাশিয়া গভীরভাবে দুঃখিত।’

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পারস্পরিকভাবে রাশিয়া-ইরান সহযোগিতা এবং আস্থাপূর্ণ অংশীদারিত্বকে শক্তিশালী করার ক্ষেত্রে তাদের (রাইসি এবং আবদুল্লাহিয়ান) ভূমিকা অমূল্য। আমরা আন্তরিকভাবে নিহতদের পরিবার এবং ইরানের বন্ধুত্বপূর্ণ মানুষের প্রতি সমবেদনা জানাই।’

এদিকে ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। গতকাল ক্রেমলিনের বরাতে রয়টার্স এ খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, পুতিনের সঙ্গে মোখবারের কথা হয়েছে। তারা রাশিয়া-ইরানের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের অভিপ্রায় ব্যক্ত করেছেন। দুই নেতাই পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন।