আদালতকে দিয়ে বিএনপিসহ বিরোধী দল ও মতের নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণের অমানবিক খেলায় ‘দখলদার আওয়ামী ফ্যাসিস্ট সরকার’ বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ক্ষমতাসীনদের নির্মম আচরণ, দৌরাত্ম্য এবং দাপটে মানুষ এখন উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাদের সব অপকর্ম আড়াল করতেই সরকারি জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে।’
গতকাল সোমবার বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেসের ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজকে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেওয়া হয়।
মির্জা ফখরুল বলেন, ‘৭ জানুয়ারির ডামি সরকার তাদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় জুলুম-অত্যাচার অব্যাহত রেখেছে। অপরাধ না করেও মিথ্যা মামলায় আসামি হওয়া, গ্রেপ্তার ও কারাগারে যাওয়া এখন নিয়মে পরিণত হয়েছে। আইনের শাসনহীন এ দেশে নিরপরাধ মানুষরাই সরকারি নিপীড়নের শিকার হচ্ছেন। সরকার তাদের দুঃশাসন চালাতে আরও বেশি ভয়ংকর হয়ে উঠেছে। তবে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে সংগ্রামী জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে দৃঢ়প্রতিজ্ঞ।’