নারায়ণগঞ্জের আড়াই হাজারে একটি বাড়িতে ডাকাতিকালে কিশোরীকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা চিহ্নিত অপরাধী ও একাধিক মামলার আসামি। তারা ডাকাতি পেশাকে আড়াল করার জন্য ছদ্মবেশে বিভিন্ন সময় নারায়ণগঞ্জের ভুলতা-গাউসিয়া এলাকার বাসের হেলপার, সিএনজি ও রিকশা চালাতেন। তবে ছদ্মবেশে থেকেও শেষ রক্ষা হয়নি।
র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১১ এর একটি আভিযানিক দল রবিবার রাতে আড়াই হাজারসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ডাকাত দলের সর্দারসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ডাকাত দলের সর্দার মো. আব্দুল্লাহ (২৪), তার সহযোগী মো. মতিন (৩৫), চাঁন মিয়া (২৮) ও মো. আয়নাল (২৫)।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। তিনি বলেন, গত ১৫ মে রাত আনুমানিক আড়াইটার দিকে ডাকাতির উদ্দেশ্যে ভুক্তভোগীর বাড়িতে যায়। ঘরের ভেতর মূল্যবান জিনিসপত্র না পেয়ে ভুক্তভোগীর মুখ ওড়না দিয়ে পেঁচিয়ে দল বেঁধে ধর্ষণ করে।