অষ্টমবার প্লে অফে কলকাতা, আগের সাতবার কী ঘটেছিল

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এবারেরটি সহ মোট ৮ বার প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে। তারা ২ বার চ্যাম্পিয়ন হয় এবং একবার রানার্স আপ। আইপিএলের প্লে-অফে কেকেআরের সার্বিক পারফর্ম্যান্স কেমন, দেখে নেওয়া যাক।

২০১১, এলিমিনেটরে হার : ২০১১ সালে প্রথমবার আইপিএলের প্লে-অফে জায়গা করে নেয় কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টের চতুর্থ মৌসুমে এসে শেষ চারের টিকিট হাতে পায় কলকাতা। লিগ টেবিলের চার নম্বরে থেকে প্লে-অফে ওঠে। তবে এলিমিনেটরে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে যায়।

২০১২, চ্যাম্পিয়ন : ২০১২ সালে ১৬ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফে ওঠে কলকাতা। প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ডেয়ারডেভিলসকে ১৮ রানে পরাজিত করে। পরে চিপকের ফাইনালে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কলকাতা।

২০১৪, চ্যাম্পিয়ন : এক মৌসুম পর ২০১৪ সালে আবারও প্লে-অফে ওঠে শাহরুখ খানের দল। ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফে উঠেছিল কেকেআর। তারা ইডেনে প্রথম কোয়ালিফায়ারে পঞ্জাব কিংসকে ২৮ রানে হারায়। পরে

ফাইনালে সেই পঞ্জাবের বিপক্ষেই ৩ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হয় কলকাতা।

২০১৬, এলিমিনেটরে হার : ২০১৬ আইপিএলে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে থেকে প্লে-অফে উঠেছিল কেকেআর। সানরাইজার্স হায়দরাবাদের কাছে ২২ রানে হেরে যায় কলকাতা।

২০১৭, দ্বিতীয় কোয়ালিফায়ারে হার : ২০১৭ আইপিএলে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে থেকে প্লে-অফে যায় কলকাতা। এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে দেয় তারা। তবে চিন্নাস্বামীতেই দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৬ উইকেটে হারে কলকাতা।

২০১৮, দ্বিতীয় কোয়ালিফায়ারে হার : আইপিএলে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে থেকে প্লে-অফে ওঠে কেকেআর। তারা ইডেনের এলিমিনেটরে রাজস্থান রয়্যালসকে ২৫ রানে হারিয়ে দেয়। তবে ইডেনেই দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১৪ রানে হেরে যায়।

২০২১, ফাইনালে হার : ২০২১ আইপিএলে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে থেকে প্লে-অফে ওঠে কেকেআর। শারজায় এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারায়। পরে শারজাতেই দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে নাইট রাইডার্স। দুবাইয়ের ফাইনালে চেন্নাইয়ের কাছে ২৭ রানে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকে কলকাতা।

চলতি আইপিএলে ১৪ ম্যাচে ২০ পয়েন্ট সংগ্রহ করে কলকাতা। তারা লিগ টেবিলের এক নম্বরে থেকে প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে।