মাথার চুল কেটে গৃহবধূকে নির্যাতন

নেত্রকোণার কলমাকান্দায় শিখা আক্তার (৩৬) নামের এক গৃহবধূকে মাথার চুল কেটে নির্যাতনের খবর পাওয়া গেছে। এ ঘটনা মঙ্গলবার (২১ মে) দুপুরে ভুক্তভোগীর বাবা কলমাকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার পোগলা ইউনিয়নের কুতিগাও গ্রামের এ ঘটনা ঘটে। শিখা আক্তার উপজেলার কুতিগাও গ্রামের ফজলুল হকের স্ত্রী।

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, শিখা আক্তারের ননদ রেশমা ও তার স্বামীর লোকজন মিলে সোমবার রাতে রেশমার বাড়িতে এসে মারপিট করে। এক পর্যায়ে তারা মাথার চুল কেটে দেয়। পরের স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী শিল্পীর স্বামী ফজলুল হক জানান, আমার বোন রেশমা প্রেম করে বিয়ে করে। বিষয়টি আমরা মেনে না নেওয়ায় প্রায়ই সে উত্তেজিত হয়ে হামলা করে। আমি বাড়িতে না থাকার সুযোগে এমন অবস্থা করেছে আমার স্ত্রীর।

শিল্পীর বাবা আব্দুল কুদ্দুস জানান, আমার মেয়েকে ঘরে একা পেয়ে রেশমা ও তার স্বামী নয়ন মারপিট করে মাথার চুল কেটে দিয়েছে। আমি এর বিচার চাই।

কলমাকান্দা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৌরভ ঘোষ বলেন, শিল্পী নামের এক গৃহবধূ চিকিৎসাধীন আছেন। তার মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক জানান, এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।