ভোটকেন্দ্রে গিয়ে চিল্লাচিল্লি, দেখা গেল নিজেরই দোষ!

২০ মে ছিল লোকসভা নির্বাচন ২০২৪ এর পঞ্চম দফার ভোট। আর এই দিনই মুম্বাইতে  ছিল ভোট। সেখানে সকাল সকাল ভোট দিতে গিয়ে বিপত্তি ঘটালেন অভিনেত্রী গওহর খান। কী করেছেন? অভিনেত্রী তাঁর নিজের বদলে অন্য একটি পোলিং বুথে চলে যান। স্বাভাবিক ভাবেই সেখানকার ভোটার লিস্টে তাঁর নাম ছিল না। আর তারপরই রীতিমতো লম্ফঝম্প শুরু করে দেন অভিনেত্রী। দোষ দেন ভোটকর্মীদের। এরপর জানা যায় আসল দোষ তাঁর নিজেরই।

এদিন পাপারাৎজ্জোদের পোস্ট করা একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে অভিনেত্রী একটি পোলিং বুথ থেকে বেরিয়ে আসছেন তাও ভোট না দিয়ে। এদিকে হাতে আধার কার্ড। কিন্তু কী হয়েছে তাঁর সঙ্গে ভিতরে? এই বিষয়ে তিনি জানান, 'ভিতরে সব কনফিউজিং ব্যাপার চলছে। খুব খারাপ ভাবে অর্গানাইজড।'

এরপর গওহর নিজেও সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে পোস্টে করেন। তিনি সেখানে লেখেন, 'আমি আবেদন করলাম যে আধার কার্ড আছে সেটাই কি যথেষ্ট প্রমাণ নয় নয় যে আমরা ভারতের নাগরিক। কিন্তু যখন ভোট দিতে গেলাম বলল আমাদের নামই নেই নাকি ভোটার লিস্টে। আমি আবেদন করছি যাতে আধার বা পাসপোর্টের ভিত্তিতে ভোট দিতে দেওয়া হয় নাগরিকদের।'