ভারতের বেঙ্গালুরুর একটি ফার্ম হাউসে চলছিল উদ্দাম পার্টি। সেই আসরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)। তদন্তকারীরা জানিয়েছেন, অনেক ভিভিআইপির পাশাপাশি পার্টিতে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের এক এমএলএ এবং একাধিক তেলেগু অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গোপাল রেড্ডি নামে এক প্রভাবশালীর জন্মদিন উপলক্ষে জিআর ফার্ম হাউসে এই পার্টির আয়োজন করা হয়। রাত ২টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি ছিল। তবে নির্ধারিত সময় পার হলেও বন্ধ হয়নি আসর।
অনুষ্ঠানে বিপুল পরিমাণ মাদক থাকার খবর পেয়ে রাত ৩টার দিকে অভিযান চালায় সিসিবির অ্যান্টি নারকোটিক্স বিভাগ। মাদকের সন্ধানে নেওয়া হয় স্নিফার ডগ। তল্লাশিতে উদ্ধার হয় ১৭টি এমডিএমএ মাদকসহ প্রচুর পরিমাণ কোকেন।
তদন্তকারীদের দাবি, পার্টিতে অন্ধ্রপ্রদেশের এক বিধায়কসহ ১০০ জনের বেশি ভিভিআইপি আমন্ত্রিত ছিলেন। একাধিক তেলেগু অভিনেত্রীর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ ও ব্যাঙ্গালুরুর ২৫ জন তরুণীও সেখানে ছিলেন।
অভিযোগ উঠেছে, ফার্ম হাউসের চত্বরে রাখা ছিল বেশি কিছু গাড়ি। তার মধ্যে ছিল এমএলএর গাড়িও। পাশাপাশি জনপ্রিয় তেলেগু অভিনেত্রী হেমাও পার্টিতে ছিলেন বলে জানা গেছে। যদিও তল্লাশি চলার সময় বেশিরভাগই পার্টি ছেড়ে পালিয়ে যান।
তদন্তকারীদের দাবি, ওই পার্টিতে প্রায় ৫০ লাখ রুপির বেশি খরচ হয়েছে। এ ঘটনায় ইলেক্ট্রনিক সিটি থানায় একটি মামলা হয়েছে। পাশাপাশি কারা কারা আমন্ত্রিত ছিলেন তার তালিকা তৈরি হচ্ছে। কোথা থেকে ওই বিপুল মাদক আনা হয়েছিল তার সন্ধান চলছে।