৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের কবলে দক্ষিণ ইতালির নেপলস শহর। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ১৬০ বারের বেশি ভূমিকম্পের কবলে পড়েছে শহরটি। এতে করে শহরটির বাড়িঘর খালি করা হয়েছে এবং অনেক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ১৬০ টিরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে নেপলসে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
দেশটির পোজুলি শহরের কাছে স্থানীয় সময় রাত আটটার দিকে এই ভূমিকম্পগুলো আঘাত হানে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল ৪.৪ মাত্রার। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) বলেছে, গত ৪০ বছরের মধ্যে এটিই ছিল এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
নেপলসের মেয়র গাইতানো মানফ্রেদি স্বীকার করেছেন, একের পর এক কম্পনে বাসিন্দারা আতঙ্কিত। তবে তিনি বলেছেন, কর্মকর্তারা তাদের বিষয়ে দেখছেন। তিনি সবাইকে সতর্ক করে বলেন, ভবিষ্যতে আরও গুরুতর ভূমিকম্প হতে পারে’। কর্মকর্তাদের এই জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
এদিকে ভূমিকম্পের পর আতঙ্কিত বাসিন্দারা পোজুলিতে শতাধিক তাঁবু তৈরি করে সারারাত রাস্তাতেই অবস্থান করেন। আবার কিছু কিছু বাসিন্দারা অন্য স্থানে আত্মীয়দের কাছে গিয়েছিলেন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে গত কয়েক মাসে বার বার নিম্ন-স্তরের ভূমিকম্পের কারণে বেশ কিছু পরিবার পুরোপুরি শহরটি ছেড়ে যাওয়ার কথা ভাবছে।
তবে ভূমিকম্পের কারণে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে নেপলসের কিছু স্কুল মঙ্গলবার পরিদর্শনের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং পোজুলিতে মহিলাদের কারাগার সতর্কতা হিসাবে খালি করে দেওয়া হয়।