রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে দুধ দিয়ে গোসল করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. এহছানুল হাকিম সাধন।
বুধবার (২২ মে) সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের কুরশী গ্রামের বাড়িতে দুধ দিয়ে গোসল করেন তিনি। মুহূর্তেই তার দুধ দিয়ে গোসলের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
কাজী সালমান আহমেদ নামে এক সমর্থক ছবিটি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে লিখেছেন, ‘আল্লাহ পাক উপজেলার সর্বোচ্চ সম্মান আপনাকে দান করেছেন। আজ যেমন দুধ দিয়ে গোসল করে পবিত্র হলেন। আমৃত্যু এ পবিত্রতা ধরে রাখবেন, আপনার কাছে অনুরোধ। আমরা যারা আপনার সহচরী ছিলাম আমাদের স্বপ্ন বালিয়াকান্দি একটা মডেল উপজেলা হিসেবে আপনি গড়ে তুলবেন। শুভকামনা আপনার জন্য প্রিয় বড় ভাই।
এ বিষয়ে বিজয়ী এহসানুল হাকিম সাধন বলেন, গ্রামের মানুষ অতি উৎসাহী হয়ে এ কাজ করেছে। জয়লাভ করলে তারা আমাকে দুধ দিয়ে গোসল করাবে বলে ইচ্ছা করে। তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সকাল ১১টায় নিজ বাসভবনে গ্রামবাসী ১৫ লিটার দুধ দিয়ে আমাকে গোসল করায়।
বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. এহছানুল হাকিম সাধন মোটরসাইকেল প্রতীকে ৪২ হাজার ৬৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবুল কালাম আজাদ আনারস প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৬৮০ ভোট।