কার্টনের মধ্যে নবজাতকের মরদেহ

সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকার রাস্তার পাশে পড়ে থাকা কার্টনের বক্স থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকার আন্ডারপাসের সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকেল ৫টার দিকে নামাজ পড়তে যাওয়ার সময় আড়তের পরিচ্ছন্নতাকর্মী জালাল একটি কার্টনের বক্স দেখতে পেয়ে ব্যবসায়ীদের খবর দেন। পরে কার্টনের বক্স খুলে দেখা যায় একটি নবজাতকের মরদেহ। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল-মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে মরদেহটি দাফনের প্রক্রিয়া চলছে। তবে কে বা কারা নবজাতকের মরদেহ ফেলে রেখে গেছে তা জানা যায়নি।