ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপীয় দেশ আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন। বুধবার (২২ মে) আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে দেশগুলোর সরকার। তবে এই পদক্ষেপকে ‘সন্ত্রাসবাদের অর্জন’ বলে অভিহিত করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকের ঘোষণা ফিলিস্তিনি মানুষ ও বিশ্বকে একটি বার্তা দিয়েছে। সেটা হলো সন্ত্রাসবাদ দিয়ে অর্জন হয়েছে।’ খবর বিবিসির।
তিনি বলেন, ‘সন্ত্রাসী সংগঠন হামাস হলোকাস্টের পর ইহুদিদের ওপর সবচেয়ে বড় গণহত্যা চালিয়েছে। জঘন্য যৌন সহিংসতা দেখিয়েছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার মাধ্যমে হামাসকে পুরস্কৃত করার পথ বেছে নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই বিকৃত পদক্ষেপ ৭ অক্টোবরের ভিকটিমদের স্মৃতির প্রতি অবিচার। ১২৮ জন জিম্মিকে ফিরিয়ে আনার চেষ্টার প্রতি একটি বড় আঘাত। একইসঙ্গে এটি হামাস ও ইরানি জিহাদিদের জন্য বড় সহায়তা, যা ইসরায়েলিদের আত্মরক্ষার অধিকার প্রশ্নবিদ্ধ করবে এবং শান্তির সুযোগ কমাবে।’
যদিও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার বক্তৃতায় বলেছেন, ‘ফিলিস্তিনের স্বীকৃতি ইসরায়েলের বিরুদ্ধে নয়, এটা ইহুদিদের বিরুদ্ধেও নয়।’ এর আগে তিনি শান্তি, ন্যায়বিচার এবং ধারাবাহিকতার জন্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার কথা জানান।