নারী ক্রিকেটে বিস্ফোরক রেকর্ড, মুরশিদা-সোবহানার জোড়ায় ৩৯২

বিকেএসপির ৩ নম্বর মাঠে অভাবনীয় ঘটনার জন্ম দিয়েছেন মোহামেডানের ব্যাটাররা। নারী ডিপিএলের ম্যাচে গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে কাশ্মিরী কন্যা জাসিয়া আখতারের ঝড়ো ফিফটির পর মুরশিদা খাতুন ও সোবহানা মোস্তারির জোড়া সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩৯২ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করিয়েছে মোহামেডান।

ইনিংস উদ্বোধন করতে নেমে আউটই হননি মুরশিদা। ক্যারি করা ইনিংস শেষে অপরাজিত ছিলেন ১৫৭ বলে ১৭৯ রানে। পুরো ইনিংসে ২টি ছক্কার সঙ্গে ২৩টি চার মেরেছেন। নারী ডিপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড এটি।

অন্যদিকে সোবহানা আউট হন ১০১ বলে ১২৮ রান করে। ৬টি চারের সঙ্গে ৭টি ছক্কা হাঁকান তিনি। এর আগে জাসিয়া আখতার ৪১ বলে ৭৫ রানের ইনিংসে বিস্ফোরক শুরু এনে দেন মোহামেডানকে।

নারী ডিপিএল ইতিহাসে এটিই সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। কেরানীগঞ্জ ক্রিকেটে একাডেমির বিপক্ষে বিকেএসপির ৩২১ রান ছিল আগের সর্বোচ্চ।