সৌদি বাদশাহ’র স্বাস্থ্য নিয়ে মুখ খুললেন প্রিন্স সালমান

সৌদি আরবের বাদশাহ সালমান সুস্থ আছেন বলে জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গতকাল মঙ্গলবার (২২ মে) মন্ত্রিসভার একটি অধিবেশনে নেতৃত্ব দেওয়ার সময় এ তথ্য দেন যুবরাজ সালমান। এ সময় তিনি যারা বাদশাহ’র স্বাস্থ্য সম্পর্কে জানতে চেয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খবর আল আরাবিয়ার।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, গত রবিবার জ্বর ও বাতের ব্যথার কারণে বাদশাহ সালমানের স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসকরা। পরে জানা যায় বাদশাহ সালমান ফুসফুসের সংক্রমণ চিকিৎসার অংশ হিসেবে অ্যান্টিবায়োটিক থেরাপি নিতে যাচ্ছেন। এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় দফায় তার স্বাস্থ্য পরীক্ষা হলো। 

৮৮ বছর বয়সী বাদশাহ সালমান ২০১৫ সাল থেকে সৌদির সিংহাসনে আসীন। তার ছেলে মোহাম্মদ বিন সালমান যুবরাজ হলেও কার্যত তিনিই দেশটি শাসন করছেন। সৌদি বাদশাহর স্বাস্থ্যের খবর খুব কমই প্রকাশ্যে আসে। তবে গত এপ্রিলে রয়্যাল কোর্ট কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে তার ভর্তির হওয়ার খবর জানিয়েছিল।

এছাড়া ২০২২ সালের মে মাসে শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ওই সময়ে তার কোলোনোস্কপিসহ স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সে সময় হার্টের পেসমেকারের ব্যাটারি প্রতিস্থাপনের জন্য রিয়াদের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাদশাহ সালমান। এর আগে ২০২০ সালে গলব্লাডার অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয় তার। তখন তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন জল্পনা দেখা দিয়েছিল।