সংবিধানের ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানি ১১ জুলাই

উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে করা রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদনের ওপর শুনানির জন্য আগামী ১১ জুলাই দিন ধার্য করেছেন সর্বোচ্চ আদালত।

আজ বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন। আদালতে রিট আবেদনকারীপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ দেশ রূপান্তরকে বলেন, ‘মামলাটি শুনানির জন্য প্রতি কর্মদিবসেই কার্যতালিকায় আসছে। এর আগেও শুনানির জন্য তারিখ ধার্য হয়েছিল। আজকেও তালিকার ওপরের দিকে ছিল। প্রধান বিচারপতি আজ বেঞ্চে ছিলেন না। আমরা মেনশন (শুনানির জন্য উপস্থাপন) করে শুনানি হবে কি না আরজি জানিয়েছিলাম। আদালত তখন আগামী সপ্তাহে রাখতে চেয়েছিলেন। কিছুদিন পর সুপ্রিম কোর্টের অবকাশ (১৩ জুন থেকে ২৭ জুন) আছে। সবকিছু বিবেচনায় অ্যাটর্নি জেনারেল তখন বললেন, অবকাশের পরে হলে একটা তারিখ যেন নির্ধারণ করা হয়। তখন ওই তারিখে (১১ জুলাই) শুনানির জন্য ধার্য করেন আদালত।’

উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়। পরে এ সংশোধনীর বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন কয়েকজন আইনজীবী। প্রাথমিক শুনানি নিয়ে ৯ নভেম্বর ষোড়শ সংশোধনী কেন বাতিল ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। ২০১৬ সালের ৫ মে হাইকোর্টের একটি বৃহৎ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রুল যথাযথ ঘোষণা করে ষোড়শ সংশোধনী বাতিল ও অবৈধ বলে রায় দেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে ২০১৭ সালের ৪ জানুয়ারি আপিল করে রাষ্ট্রপক্ষ। ওই বছরের ৩ জুলাই হাইকোর্টের রায় বহাল রেখে রায় দেন আপিল বিভাগ। ১ আগস্ট সাড়ে সাতশ পৃষ্ঠার বেশি রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। পরে একই বছরের ডিসেম্বরে আপিল বিভাগে রিভিউ আবেদন করে রাষ্ট্রপক্ষ।