ভৈরবে র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু: বিচারিক তদন্তের দাবি আসকের 

কিশোরগঞ্জের ভৈরবে র‌্যাব হেফাজতে সুরাইয়া বেগম (৫২) নামের এক নারীর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিস কেন্দ্র (আসক)।

আজ বৃহস্পতিবার সংগঠনের নির্বাহী পরিচালক ফারুখ ফয়সল স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ দাবি জানানো হয়। এতে ওই নারী র‌্যাবের নির্যাতনে মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ করা হয়।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাতে বলা হয়, পুত্রবধূ রেখা বেগম হত্যা মামলার আসামি সুরাইয়া বেগমকে ১৬ মে ময়মনসিংহের নান্দাইলের চন্ডিপাশা বরুনাকান্দা গ্রাম থেকে ও তার স্বামীকে তাজুলকে ঢাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাবের দাবি- সুরাইয়ার বুকে ব্যাথা উঠলে তাকে পরদিন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক বলেন, সুরাইয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে বলে নিহতের স্বজনেরা দাবি করেন। আসক মনে করে নিহতের স্বজনদের অভিযোগ গুরুতর। এ অভিযোগ আমলে নিয়ে সুরাইয়া বেগমের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়।