দেশের বাজারে সোনার দাম কমেছে। এবার ভরিপ্রতি ১ হাজার ৮৪ টাকা দাম কমেছে। তাতে হলমার্ক করা ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা। নতুন দাম আজ শুক্রবার থেকে কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার বিষয়টি জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম কমেছে। তাই সমিতির মূল্য তদারকি কমিটির এক সভায় সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে।
নতুন দর অনুযায়ী, আগামীকাল থেকে হলমার্ক করা প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনার দাম কমে হবে ১ লাখ ১৩ হাজার ৮৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেট মানের সোনা ৯৬ হাজার ৯২৮ ও সনাতন পদ্ধতির সোনার দাম কমে হবে ৮০ হাজার ১৩২ টাকা।