সিরিজ হেরে শান্ত বললেন সমস্যা মানসিকতায়

আবারও ব্যর্থ বাংলাদেশ দলের ব্যাটিং। তাতে একদিনের ব্যবধানে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি হেরে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছে।

দুই হারে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম দল হিসেবে ১০০তম হারের রেকর্ডে নাম লিখিয়েছে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রকে মাত্র ১৪৪ রানে থামিয়েও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। ডেথ ওভারে তালগোল পাকিয়ে ১৩৮ রানে অলআউট হয়েছে।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচ শেষে পুরস্কার বিতরণের মঞ্চে বলেন, ‘খুবই হতাশাজনক। মাঝের ওভারে আমরা উইকেট হারিয়েছি। আমার মনে হয় এই জায়গায় আমরা ম্যাচটা হাতছাড়া করেছি।’

ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশের প্রথম ম্যাচেরও হারের কারণ। ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে হলে কী করণীয়, তা জানতে চাইলে শান্ত বলেন, ‘এটা আসলে দক্ষতার ব্যাপার নয়। আমাদের মানসিকতা বদলাতে হবে। আশা করছি প্রথম দুই ম্যাচের চেয়ে ভালো কিছু পরের ম্যাচে দেখাতে পারব।’

যুক্তরাষ্ট্র সিরিজটি ছিল বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ। সেটিই হেরে বসায় বাংলাদেশের বিশ্বকাপে ভালো করা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

তবে বাংলাদেশের অধিনায়ক ইতিবাচক থাকার চেষ্টা করছেন, ‘সত্যি কথা বলতে, আমরা ভালো ক্রিকেট খেলিনি। তবে আমাদের হাতে আরও একটা ম্যাচ আছে। আমাদের ভালো পরিকল্পনা করে আসতে হবে। আশা করছি, ভালো ক্রিকেট খেলতে পারব।’

শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে একই মাঠে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।