শ্রমিকদের ওপর আনসারের গুলি, পুলিশের লাঠিচার্জ

বরিশালে জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফরচুন সুজ লিমিটেডের কারখানায় বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলিবর্ষণ করেছে আনসার সদস্যরা। এতে চার শ্রমিক গুলিবিদ্ধ হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া পুলিশ ও আনসারের লাঠিচার্জে আহত হয়েছেন আরও অন্তত ১০ শ্রমিক।

এদিকে বিক্ষুব্ধরা কারখানার বেশ কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর করে। এতে কারখানাসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বরিশাল নগরীর কাউনিয়া বিসিক শিল্প নগরীর ফরচুনের কারখানার সামনে এই ঘটনা ঘটেছে

গুলিবিদ্ধ চার শ্রমিক হলেন তামিম (২০), আরাফাত (১৮), মেহেদি (২২) ও রাফসান (২০)।

শ্রমিক ও পুলিশের ভাষ্য অনুযায়ী, দুপুরের দিকে ফরচুন সুজ ফ্যাক্টরিতে বেতন দেওয়া হচ্ছিল। শ্রমিকদের দাবি তাদের দুমাসের বেতন বকেয়া রয়েছে। কিন্তু তাদের বকেয়া বেতনের অর্ধেকটা দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয় শ্রমিকরা প্রতিবাদ জানায়। একপর্যায়ে নিয়মিত বেতন ভাতা এবং ওভার টাইমের দাবিতে ফরচুন সুজ লিমিটেডের কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। তখন কারখানায় কর্তব্যরত আনসাররা তাদের নিবৃত্ত করার চেষ্টা করে এবং একপর্যায়ে গুলি চালায়। পরে পুলিশ উপস্থিত হয়ে শ্রমিকদের লাঠিচার্জ করে সরিয়ে দেয়। শ্রমিকদের ইট পাটকেল নিক্ষেপে আঘাতপ্রাপ্ত হয়েছেন কাউনিয়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান।

কারখানায় দায়িত্বরত আনসার সদস্য ইউসুফ আলী বলেন, ‘শ্রমিকরা কারখানার কাছে বেতন পাবে। তারা আন্দোলনে নেমে প্রথমেই এসে আমাদের ক্যাম্পে হামলা চালায়। আমরা ওপরের নির্দেশে ১০ রাউন্ড গুলি করি। এতে কয়েকজন শ্রমিক আহত হন।’

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা-পুলিশের ওসি আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। এখন পর্যন্ত চারজন শ্রমিক আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফারুক হোসেন জানান, ‘শ্রমিকরা কিছু গাড়ি ভাঙচুর করেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। শ্রমিক ও মালিক পক্ষ নিয়ে বসছি, আশা করছি সুষ্ঠু সমাধান হবে।’

এদিকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখা। শ্রমিকের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভের ঘোষণা দিয়েছে সংগঠনগুলো।

উল্লেখ্য ফরচুন সুজ বরিশালের একমাত্র শতভাগ রপ্তানিমুখী জুতা তৈরির কারখানা। এর তিনটি ফ্যাক্টরিতে কমপক্ষে ৭ হাজার শ্রমিক রয়েছে।