এফএ কাপের ফাইনালে আগামীকাল শনিবার ওয়েম্বলিতে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। এই নিয়ে টানা দুই মৌসুমে এফএ কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুটি দল।
১৮৮৪ ও ১৮৮৫ সালের পর এই প্রথম একই ক্লাব টানা দুই মৌসুমে এফএ কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে।
ম্যানচেস্টার ডার্বি নিয়ে সব সময়ই থাকে বাড়তি উম্মদনা। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে পেপ গার্দিওলার মতে, গেল এক দশকে ম্যানইউয়ের চেয়ে ভালো করেছে ম্যানসিটি।
গার্দিওলা বলেন, 'এটা ফুটবল, আমাদের সঙ্গে এমনটি আগে হয়নি ডার্বি ফাইনাল পর পর দুবার। আমরা সম্মানের চোখে দেখি ম্যানউইকে। তবে গেল এক দশকে আমরা ভালো করেছি। তবে ইতিহাস দেখলে আপনার তাদেরকে সম্মান করতেই হবে।'
প্রতিপক্ষ দলের কোচ এরিক টেন হাগের প্রসংশা করেছেন গার্দিওলা। 'ইউনাইটেড-সিটির মতো বড় ক্লাবে না জিততে পারলে আপনি সবসময়ই বিপদে পড়বেন। এটা কোন গোপন কথা নয়। টেন হাগকে তার অতীত ও বর্তমান কাজের জন্য সম্মান করি। পুরো মৌসুম জুড়েই তাদের স্কোয়াড পরিপূর্ণ ছিল না।'
শনিবার এফএ কাপ জিততে পারলে পরপর দুই মৌসুমে ঘরোয়া ডাবল জিতবে ম্যানসিটি। 'কোন দলই এর আগে টানা চারবার (লিগ) জিততে পারেনি, সিটি পেরেছে। আমরা লন্ডনে ভালো পারফর্ম করতে যাব। আমাদের যা আছে সব নিয়ে শনিবারের ফাইনাল জিততে চাই।'