মোহামেডানকে হারিয়ে প্রিমিয়ার লিগের পঞ্চম শিরোপা আগেই নিশ্চিত করা বসুন্ধরা কিংস পরপর দুই ম্যাচে পয়েন্ট খোয়াল। আগের রাউন্ডে ঘরের মাঠে বাংলাদেশ পুলিশের সঙ্গে ২-২ ড্র ম্যাচ শেষে শিরোপা বুঝে পেয়েছিল চ্যাম্পিয়নরা। শুক্রবার মুন্সীগঞ্জে অবনমন শঙ্কায় থাকা রহমতগঞ্জের সঙ্গে গোল শূন্য ড্র করেছে তারা। চ্যাম্পিয়নদের রুখে দিয়ে অনেকটাই স্বস্তিতে পুরান ঢাকার দলটি।
১৭ রাউন্ড শেষে ১৩ পয়েন্ট নিয়ে ১০ দলের লিগে নবম স্থানে আছে তারা। এক ম্যাচ কম খেলা তলানির ব্রাদার্স ইউনিয়নের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে। শেখ জামালের বিপক্ষে ২৯ মে শেষ ম্যাচে হার এড়াতে পারলেই টিকে যাবে দলটি। এর আগেও নিশ্চিন্ত হতে পারে রহমতগঞ্জ যদি ব্রাদার্স তাদের শেষ দুই ম্যাচে পয়েন্ট খোয়ায়।
ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়া কিংসের ১৭ ম্যাচে সংগ্রহ ৪২ পয়েন্ট। লিগের শেষ দিনে চ্যাম্পিয়নরা শেষ ম্যাচ খেলবে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে।
ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে বাংলাদেশ পুলিশকে ২-১ গোলে হারিয়ে পয়েন্টের ব্যবধান কমিয়েছে ফর্টিস এফসি। ম্যাচের ২২ মিনিটে গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমরের গোলে লিড নেয় ফর্টিস। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইউক্রেনের রিশিন ভ্যালেরি।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কলম্বিয়ান মাতেও পালাসিওস পেনাল্টি থেকে পুলিশের হারের ব্যবধান কমান। এই হারের পরও ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকছে পুলিশ। তবে তাদের সঙ্গে ব্যবধান ঘুচিয়ে পাঁচে উঠে এসেছে ফর্টিস।