ইসরায়েলকে রাফায় অভিযান বন্ধ করতে বলল আইসিজে

ইসরায়েলকে গাজা উপত্যকার দক্ষিণে শহর রাফায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। রাফার মানবিক পরিস্থিতি ‘বিপর্যয়কর’ অভিহিত করে ইসরায়েলকে অবিলম্বে শহরটিতে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেওয়া হয়।

এছাড়াও তদন্তকারীদের গাজা উপত্যকায় নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করতে ইসরায়েলকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এই আদেশের পক্ষে ভোট দিয়েছেন ১৩ জন বিচারক, বিপক্ষে ছিলেন দুইজন।

আদালত বলেছেন, ২৮ মে’র মধ্যে প্রায় আট লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে। বেসামরিক নাগরিকদের ঝুঁকি কমাতে বা প্রয়োজনীয় খাবার, পানি বা আশ্রয়ের জন্য ইসরায়েলি প্রচেষ্টা ‘পর্যাপ্ত নয়’ বলেও মন্তব্য করেন আদালত। ইসরায়েলকে এক মাসের মধ্যে আদালতে অগ্রগতির প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর জন্য আইসিজের নির্দেশ মানার আইনি বাধ্যবাধকতা রয়েছে। তবে রায় বাস্তবায়নের জন্য আদালতের নিজস্ব কোনো পুলিশ বা সামরিক বাহিনী নেই। এই রায় চলাকালীন ইসরায়েল আগেই বলেছে, কোনো রায়েই তাদের অভিযানের সিদ্ধান্তে ব্যত্যয় ঘটবে না।

দেশটির সরকার বরাবরই বলে এসেছে, হামাসের কাছ থেকে আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে। এ বছর এ নিয়ে তৃতীয়বার গাজায় মৃত্যু ও দুর্ভোগ কমাতে আদেশ জারি করল আইসিজে।