ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্যাঞ্চাইজি ক্রিকেট এতে সন্দেহ নেই। এখানে অর্থের যেমন ঝন-ঝনানি তেমনি তারকা ক্রিকেটারেরও ছড়াছড়ি।
তাই বলে কি টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে তুলনা কয়া যায় আইপিএলকে। গৌতম গম্ভীর অবশ্য মনে করছেন, আইপিএলের জনপ্রিয়তা টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়েও বেশি।
গম্ভীর বলেন, 'এটাই আইপিএলের সৌন্দর্য। সেই কারণেই এই প্রতিযোগিতাকে বিশ্বের সবচেয়ে কঠিন প্রতিযোগিতা বলা হয়। আমার তো মনে হয় আইপিএল টি-টোয়েন্টি বিশ্বকাপের থেকে কোনও অংশ কম নয়।'
আইপিএলের প্রতি দলকেই ভালো বলেছেন গম্ভীর। 'আইপিএলের বেশির ভাগ দলই খুব ভালো। কারণ, যে দল পয়েন্ট তালিকার শীর্ষে শেষ করেছে তার সঙ্গে তালিকার শেষে থাকা দলের খুব একটা পার্থক্য নেই। যে কোনো দিন যে কোনো দল অন্য দলকে হারাতে পারে। প্রতিটা দলেই ভাল ক্রিকেটার রয়েছে।'
তবে শুধুমাত্র আইপিএল খেলে দীর্ঘদিন জাতীয় দলে খেলা সম্ভব নয় বলে মনে করেন গম্ভীর। তিনি বলেন, 'সবচেয়ে বড় চিন্তার বিষয় হল এখনকার ক্রিকেটারেরা কি শুধু আইপিএল খেলেই সন্তুষ্ট থাকতে চায়। না কি তারা টেস্ট ক্রিকেটও খেলতে চায়। কারণ, শুধু আইপিএল খেলে বেশি দিন জাতীয় দলে খেলা যাবে না।'