লন্ডনের ওয়েম্বলিতে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় এফএ কাপের ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। এই নিয়ে টানা দুই মৌসুমে এফএ কাপের ফাইনালে হচ্ছে 'ম্যানচেস্টার ডার্বি'।
১৮৮৪ ও ১৮৮৫ সালের পর এই প্রথম টানা দুই মৌসুম অপরিবর্তিত থাকছে এফএ কাপের ফাইনাল লাইন-আপ। এর আগে ১৮৮৪ ও ১৮৮৫ সালে দুই ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্ল্যাকবার্ন রোভার্স ও কুইন্সপার্ক। সেই দুবার শিরোপা জিতেছিল রোভার্স। সিটির সামনেও সুযোগ টানা দুই মৌসুম এফএ কাপ জেতার।
সিটি ও ম্যানইউ সর্বপ্রথম মুখোমুখি হয়েছিল ১৮৮১ সালে। ম্যানচেস্টার ডার্বি নিয়ে সব সময়ই থাকে বাড়তি উম্মদনা। টানা চার মৌসুমে ইংলিশ লিগ শিরোপা নিশ্চিত করেছে ম্যানসিটি। আজ এফএ কাপ জিতলে তাদের ঘরোয়া শিরোপা মৌসুমে ডাবল হবে।
এবার ইপিএলে আট নম্বরে থেকে শেষ করেছে রেড ডেভিলরা। যা গেল ৩৪ বছরে ম্যানইউয়ের সবচেয়ে খারাপ ফল লিগে। আজ এফএ কাপের শিরোপা জিততে না পারলে ২০১৪-১৫'র পর প্রথমবারের মতো ইউরোপিয়ান টুর্নামেন্টে থাকবে না ম্যানইউ।
সিটিকে হারিয়ে ম্যানইউ এফএ কাপের শিরোপা জিতলে আগামী মৌসুমের ইউরোপা লিগে খেলতে পারবে। নেওয়া হবে গেল মৌসুমে এফএ কাপ ফাইনালে হারের প্রতিশোধও। গেল মৌসুমে এফএ কাপের ফাইনালে সিটি ২-১ গোলে হারিয়েছিল ম্যানইউকে।
এবারের মৌসুমে প্রিমিয়ার লিগের দুই দেখাতেই সিটির কাছে হেরেছে এরিক টেন হাগের দল।
ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, 'এটা ফুটবল, আমাদের সঙ্গে এমনটি আগে হয়নি ডার্বি ফাইনাল পর পর দুবার। আমরা সম্মানের চোখে দেখি ম্যানইউকে। তবে গেল এক দশকে আমরা ভালো করেছি। তবে ইতিহাস দেখলে আপনার তাদেরকে সম্মান করতেই হবে।'