ঘরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ

মাদারীপুরের শিবচরে নিলুফা আক্তার নীলা (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের অধীন যাদুয়ারচর ব্রিজ এলাকায় ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নিলুফা আক্তার নীলা শিবচর উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়ন সৌদি প্রবাসী আক্তার হোসেনের স্ত্রী। তার একটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নীলার স্বামী বিদেশে থাকার সুবাদে সন্তানকে নিয়ে তিনি শিবচর পৌর এলাকায় শফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন। গতকাল সকালে সবার অগোচরে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকেন। এ সময় পাশের বাড়ির একজন এসে ডাকাডাকি করলে ভেতরে কোনো শব্দ না পেলে তারা ঘরের জানালা দিয়ে দেখতে পান তিনি ঘরের ভেতর ঝুলছে। পরে শিবচর থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

শিবচর থানার ওসি সুব্রত গোলদার জানান,  প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে মর্গে রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।