এমপি আনার হত্যা: কলকাতা পৌঁছে যা বললেন ডিবি হারুন

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্ত করতে কলকাতায় পৌঁছেছে বাংলাদেশের গোয়েন্দা প্রতিনিধি দল। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে রোববার (২৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এই প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন আব্দুল আহাদ এবং সাহেদুর রহমান। 

বিমানবন্দর থেকে বের হওয়ার সময় হারুন জানান, এই হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামানসহ যারা হত্যাকারী সকলেই বাংলাদেশি। এই খুনের মামলা অনুযায়ী বাংলাদেশে পরিকল্পনা হয়েছে এবং কলকাতায় সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে এবং পরে তার লাশ গুম করার জন্য লাশের টুকরো বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। আমাদের কাজ হচ্ছে অপরাধ যেখান থেকে শুরু হয়েছে এবং যেখানে শেষ হয়েছে- ক্রিমিনাল প্রসিডিওর অনুযায়ী তদন্তকারী দলকে দুটি স্থানে পরিদর্শন করতে হয় আমাদের দুটি স্থানই পরিদর্শন করতে হবে। 

তিনি আরো বলেন, পূর্ববঙ্গ কমিউনিস্ট পার্টির নেতা শিমুল বিশ্বাস এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করেছেন, আমানুল্লাহ নামে তিনি ভারতে এসেছেন। তার অনেক তথ্য পেয়েছি। পশ্চিমবঙ্গের পুলিশ এবং বাংলাদেশের পুলিশের মধ্যে তথ্য আদান-প্রদান হয়েছে। আমরা কলকাতা পুলিশের সাথে এ ব্যাপারে সহযোগিতা চাইবো। এদেশের পুলিশের সহযোগিতা নিয়ে এই খুনের পিছনের মূল কারণ কি তা খুঁজে বের করা সম্ভব হবে। 

লাশ খুঁজে পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করে গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ বলেন, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা বাহিনী, সিআইডি অনেক কাজ করছে, অনেকদূর এগিয়েছে। আমরা আশা করি খুব দ্রুত তার তথ্য পেয়ে যাব।