সময় হলে এমবাপ্পেই জানাবেন নতুন ক্লাবের নাম

কিলিয়ান এমবাপ্পেকে এখন ফ্রি এজেন্ট বলাই যায়। গোটা ফুটবল দুনিয়ার জানা, রিয়াল মাদ্রিদে যাচ্ছেন ফরাসি এই তারকা। তবে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। এমবাপ্পে এখানে তাড়াহুড়োর কিছুও দেখছেন না। বললেন, আর কটা দিন পরই খোলাসা হবে তার নতুন ক্লাবের নাম।

ফ্রেঞ্চ লিগ জয়ের পর ফ্রেঞ্চ কাপও জিতলেন এমবাপ্পে। ফাইনালে শনিবার লিঁওকে পিএসজি হারায় ২-১ গোলে। পিএসজির হয়ে তার শেষ ম্যাচ ছিল এটিই। ক্লাবের রেকর্ড গোল স্কোরার এই ম্যাচে জালের দেখা পাননি। তবে তা নিয়ে খেদ নেই তার।

ট্রফি জিতে শেষ করতে পেরেই তিনি উচ্ছ্বসিত, ‘ম্যাচটি কঠিনও ছিল, আবার উপভোগও করেছি। কারণ ম্যাচটি তো ফাইনাল। শেষ পর্যন্ত, আমরা জিতেছি, এতেই আনন্দে পরিপূর্ণ লাগছে। দারুণ সব স্মৃতি, অনেক বছর খেলেছি পিএসজির হয়ে, এই লিগে। মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি, বিশেষ করে ট্রফি জিতে এবং ইতিবাচকতাকে সঙ্গী করে।’

পিএসজির হয়ে রেকর্ড ২৫৬ গোল করেছেন তিনি। ছয়টি লিগ শিরোপাসহ জিতেছেন ১৫টি ট্রফি। সাত বছরের পথচলা শেষে বিদায়ের ঘোষণাও দিয়েছেন। কিন্তু নতুন ক্লাবের নাম এখনও কেন জানাননি?

সরাসরি এই প্রশ্নের জবাবটা এমবাপ্পে দিলেন একটু ঘুরিয়ে, ‘(নতুন ক্লাবের ঘোষণা দেইনি) কারণ, ভালোভাবে বিদায় নেওয়াটা আগে জরুরি। এই ক্লাবের হয়ে ভালোভাবে শেষ করতে চেয়েছি। ট্রফির লড়াই বাকি ছিল। সবকিছুর জন্যই উপযুক্ত সময় আছে। নতুন ক্লাবের নাম সময় হলেই জানাব। আর স্রেফ কয়েকটি দিনের অপেক্ষা, সমস্যার কিছু দেখি না।’