অলিম্পিকের পুরুষ ফুটবলে খেলে থাকে মূলত কোন দেশের অনূর্ধ্ব-২৩ দল। তবে ২৩ বছরের বেশি বয়সী তিন জন খেলতে পারেন। আর্জেন্টিনা প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টের জন্য এখনো দল ঘোষণা করেনি।
আর্জেন্টিনা জাতীয় দলে খেলা কোন তিন জন থাকবেন প্যারিস অলিম্পিকের দলে তা নিয়ে আছে নানা মতামত। এর আগে টিওয়াইসির এক খবরে বলা হয়েছিল আর্জেন্টিনার অলিম্পিক দলে থাকতে পারেন গোলকিপার এমি মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি ও জুলিয়ান আলভারেজ।
এবার জানা গেল অলিম্পিকে খেলতে কোচ হাভিয়ের মাশ্চেরানোকে নিজের ইচ্ছের কথা জানিয়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
এনজো বলেন, 'অলিম্পিকে খেলার বিষয়টি ভেবে আমি উল্লসিত। আমি সেখানে যেতে চাই। আমি মাশ্চেরানোর সঙ্গে কথা বলেছি এবং তাকে জানিয়েছি অলিম্পিকে যাওয়ার ইচ্ছের কথা।'
এনজো আশা করছেন আর্জেন্টিনার অলিম্পিক দলে খেলবেন তিনি।
এর আগে আর্জেন্টিনার দুই প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলেও আছেন এনজো। এই প্রীতি ম্যাচের দল থেকে তিনজন বাদ দিয়েই হবে কোপা আমেরিকার দল।