প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, এখন একটাই কাজ ওই কুলাঙ্গারটাকে ফেরত নিয়ে আসা। দশ ট্রাক অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি, গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি, দুর্নীতিতে চ্যাম্পিয়ন তারেক জিয়া যেখানেই থাক আমরা তাকে ফিরিয়ে আনব।
তিনি বলেন, ইতোমধ্যে ব্রিটিশ সরকারের সঙ্গে আমরা আলোচনা করেছি, ওই সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক জিয়াকে যেন বাংলাদেশে ফেরত দেয়। আমরা তাকে নিয়ে এসে সাজা কার্যকর করব।
রবিবার গণভবনে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, এদেশের মানুষ জঙ্গিবাদ ও অগ্নিসন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না। ওই কুলাঙ্গারটার সাজা কার্যকর করতে পারলে এদেশের মানুষ জঙ্গিবাদ ও অগ্নি সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি পাবে। তারা ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে যে অগ্নিসন্ত্রাস ও জ্বালাও-পোড়াও করেছে, তা থেকে মানুষ মুক্তি পাবে।
নিজ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের শেখ হাসিনা বলেন, যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তাদেরকে দাঁতভাঙা জবাব দিতে হবে। সেই দায়িত্বটাও আমার নির্বাচনী এলাকা কোটালীপাড়া টুঙ্গিপাড়ার মানুষকে নিতে হবে। যে যেখানে আছে এটা সবার কাছে প্রচার করতে হবে। এটা খুবই দরকার।