ঝুঁকিপূর্ণ যাত্রা বন্ধে কঠোর থাকবে হাইওয়ে পুলিশ

বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান বলেছেন, এবারের ঈদযাত্রা হবে আনন্দ ও স্বস্তিদায়ক। সেটা নিশ্চিতে দায়িত্ব সবাইকেই নিতে হবে। আমরা যেন স্বস্তির সঙ্গে, আনন্দের সঙ্গে ঈদ শেষে ফিরে আসতে পারি, সেজন্য কেউ ঝুঁকিপূর্ণ ঈদযাত্রায় শামিল হব না, সেটা নিশ্চিত করতে হবে। এ ছাড়া যারা ঝুঁকিপূর্ণ যানবাহন ব্যবহার করবেন বা যেকোন যাত্রা ঝুঁকিপূর্ণ মনে হলে তা বন্ধে কঠোর অবস্থান নেবে হাইওয়ে পুলিশ।

গতকাল রবিবার দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান বলেন, ‘ঈদযাত্রায় বসিয়ে রাখার মতো পর্যাপ্ত যানবাহন নেই আমাদের। বরং চাহিদার তুলনায় যানবাহন খুবই কম। হজের সময় কিন্তু সৌদিতে নতুন-নতুন বাস নামানো হয়। হজের পরও সেসব বসেই থাকে। আমাদের দেশে সে অবস্থা নেই। বরং ঈদ এলে পুরোনো বাস নেমে আসে সড়কে। বিআরটিএর দায়িত্ব এই পুরোনো বা ফিটনেসবিহীন পরিবহন নিয়ন্ত্রণ করা। বিআরটিএ, হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশে জনবল বাড়ানো দরকার।’

বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘গত ঈদে রুট পারমিট নাই, ফিটনেস নাই, বিধ্বস্ত গাড়িও সড়কে চলেছে। এবার এসব ধরতে হবে। আমাদের পক্ষে ধরা সম্ভব হয় না। ঢাকা থেকে বের করে দিলেও জেলাতে চলে। আসলে ফিটনেস না থাকলে এসব যানবাহন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।’