টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড যুক্তরাষ্ট্র, নিহত ১৮

মেমোরিয়াল ডের ছুটিতে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে টর্নেডো। দেশটির টেক্সাস, আরকানসাস, ওকলাহোমাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে টর্নেডো ও ঝড়ে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে।

স্থানীয় সময় শনিবার গভীর রাতে অঙ্গরাজ্যগুলোতে টর্নেডো এবং বেশ কিছু ছোট-বড় ঝড় আঘাত হানে বলে গতকাল রোববার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। খবর সিএনএন।

শনিবার ঝড় আঘাত হানার পর থেকে কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। বর্তমানে সেখানে উদ্ধার তৎপরতা চলছে।

টেক্সাসের কুক কাউন্টি শেরিফ রে স্যাপিংটন সিএনএনকে জানান, শনিবার রাতে প্রবল ঝড়ের আঘাতে টেক্সাসের কুক কাউন্টিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের বয়স ছিল ২ এবং ৫ বছর। লোকজনকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

এ সময় টেক্সাসে টর্নেডোর আঘাতে বাড়ি-ঘর এবং একটি গ্যাস স্টেশন বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানায় সিএনএন। এছাড়া হাইওয়েতে বেশ কিছু গাড়ি উল্টে গেছে বলে খবর পাওয়া গেছে।

এছাড়া আরকানসাসে অন্তত আটজন মারা গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। রাজ্যটির গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স তীব্র আবহাওয়া এবং টর্নেডো বিধ্বস্ত এলাকাগুলোতে রবিবার বিকেলে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

অন্যদিকে লুইসভিলের মেয়র ক্রেগ গ্রিনবার্গ জানিয়েছেন, কেনটাকিতে ঝড়ে একজনের মৃত্যু হয়েছে।

উত্তর-পূর্ব ওকলাহোমায়, রাতভর প্রবল ঝড়ের ফলে দুইজন নিহত এবং কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন।

উত্তর ডেন্টন কাউন্টিতে, টর্নেডোর আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছে। এ সময় বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার রাতে টর্নেডোর কারণে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে গোটা এলাকা।

এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় টর্নেডোজনিত সতর্কতা বহাল রাখা হয়েছে।