ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানী ঢাকায় আজ সোমবার সকাল থেকেই তুমুল বৃষ্টি হচ্ছে। এতে ডুবে গেছে অনেক এলাকার রাস্তাঘাট, সড়কে নেই পর্যাপ্ত গণপরিবহণ। সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাচালকেরা বৃষ্টির কারণে বাড়তি ভাড়া আদায় করছেন। কোনো কোনো এলাকায় জলাবদ্ধতার শঙ্কা থাকায় অটোরিকশার চালকেরা বাড়তি ভাড়ায়ও যেতে রাজি হননি। ফলে ভোগান্তিতে পড়েছেন কর্মক্ষেত্রে যাওয়া ও খেটে খাওয়া মানুষেরা।
এদিকে কারগরি ত্রুটির কারণে সকালে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল। ফলে এই রুটের যাত্রীরাও পড়েন ব্যাপক ভোগান্তিতে। পল্লবী মেট্রোস্টেশনের নিচে সকাল ৮টার দিকে কথা হয় বাংলামোটরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী শাজাহান খানের সঙ্গে। তিনি দেশ রূপান্তরকে বলেন, প্রতিদিনের মতো আজ সকালে কর্মস্থলে যাওয়ার জন্য সকাল সাড়ে ৭টার সময় পল্লবী মেট্রোস্টেশনে আসেন। প্রায় আধাঘণ্টা দাঁড়িয়ে থাকার পর তিনি জানতে পারেন মেট্রোরেল বন্ধ রয়েছে। তবে স্টেশনের স্ক্রিনগুলোতে দেখানো হচ্ছিল ৫ মিনিটের মধ্যেই ট্রেন আসবে। এরপর তিনি স্টেশন থেকে নিচে নেমে বাসে ওঠেন। এতে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
কর্মস্থল বারিধারায় যেতে সকাল আটটার দিকে মোহাম্মদপুরের বাসা থেকে বের হয়েছিলেন জেসমিন খন্দকার। প্রথমে মোহাম্মদপুরের টাউন হল গিয়ে পাঁচজন অটোরিকশাচালকের সঙ্গে কথা বলেন। কিন্তু বারিধারার নাম শুনে চালকদের কেউ যেতে রাজি হননি। এর বাইরে একজন চালক যেতে রাজি হলেও ভাড়া চেয়েছিলেন তিন গুণ। আধঘণ্টা চেষ্টার পর টাউন হল থেকে রিকশায় করে তিনি জাতীয় সংসদ ভবনের সামনে যান (আড়ংয়ের উল্টো দিকে) জেসমিন। সেখানে দাঁড়িয়ে উত্তরা-আবদুল্লাহপুরগামী বাসের জন্য অপেক্ষা করেন। কিন্তু সব বাসই যাত্রী ভর্তি করে দরজা লাগিয়ে যাচ্ছিল। সংসদের সামনে বাসগুলো থামেনি।
বেলা সাড়ে ১১টার দিকে জেসমিন বলেন, ‘বৃষ্টিতে বাস-সিএনজিচালিত অটোরিকশা কিছুই পাইনি। বাসের অপেক্ষায় থেকে বৃষ্টিতে অর্ধেকের বেশি ভিজে গেছে। অফিসে জানিয়ে দিয়েছি, আজ আর যাওয়া সম্ভব না।’
রিমালের প্রভাবে হওয়া বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় পানি জমে জলজট ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউ, ধানমন্ডির ২৭ নম্বর, গ্রিনরোড, নিউমার্কেট, মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে মিরপুর-১৪ নম্বর যাওয়ার রাস্তাসহ পুরান ঢাকার বেশ কিছু নিচু এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ছাড়া বৃষ্টিতে নিউমার্কেট, কারওয়ান বাজার এলাকার আশপাশসহ রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দেয়। এ সময় এসব সড়কে যানজটের সৃষ্টি হয়।
তবে দুপুরে পুলিশের রমনা ট্রাফিক বিভাগের উপকমিশনার জয়নুল আবেদীন বলেন, সড়কে বৃষ্টির পানি জমে যাওয়ায় গাড়ি ধীরগতিতে চলছে। তবে একে যানজট বলা যায় না।