ব্রাজিলে বন্যা

চ্যারিটি ম্যাচে জ্বলে উঠলেন রোনালদিনহো, কাফুর দুর্দান্ত গোল

দক্ষিণ ব্রাজিলের বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহের জন্য একটি দাতব্য ম্যাচ রবিবার রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে আয়োজন করা হয়। যেখানে ফের বুট জোড়া পায়ে জড়িয়েছিলেন রোনালদিনহো, কাফু এবং বেবেতোর মতো সাবেক তারকারা। নারী ফুটবলের সাবেকরাও অংশ নেন এই প্রদর্শনী ম্যাচে। আর তাদের দেখতে মাঠে হাজির হয়েছিলেন হাজার দর্শকরা। 

দাতব্য ম্যাচের আয়োজকরা জানিয়েছে যে তারা ৪২,০০০ টিকিট বিক্রি করেছে, যার আয় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) দ্বারা কেনা আরও ১০,০০০ টিকিট থেকে প্রাপ্ত অর্থ একটি বেসরকারি সংস্থাকে সরবরাহ করা হয়েছে। যা প্রায় ২.৩ মিলিয়ন বন্যা দুর্গতদের সাহায্যার্থে ব্যবহার করা হবে।

যদিও এটি একটি দাতব্য ম্যাচ যেখানে সংহতি প্রদর্শনের বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। তবুও দর্শকরা ব্রাজিলের প্রাক্তনদের কাছ থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবলই আশা করছিলেন।

দর্শককেও হতাশ করেননি রোনালদিনহো। দুর্দান্ত গোল করেন তিনি। যা মাঠে বসে বহুকাল পর দেখলেন দর্শকরা। রোনালদিনহোর খেলোয়াড়ি জীবনে যাদের বয়স খেলার বোঝার মতো হয়নি, তারাও সেদিন মাঠে এসেছিল। 

শুধু বিশ্ব ফুটবলের সাবেক তারকারাই না, দেশটির সংস্কৃতি অঙ্গনের তারকারাও এসেছিলেন এদিন। সঙ্গীত শিল্পী লুডমিলাও খেলতে নেমেছিলেন। শুধু নামেনইনি, কাফুর সহায়তায় একটি গোলও করেছিলেন। সাবেক গোলরক্ষক বারবারাকে পরাস্ত করেছিলেন তিনি।

সাবেক ফুটবলার ও শিল্পীদের মধ্যকার ম্যাচটি ৫-৫ গোলে ড্র হয়। দলগুলি প্রতীকীভাবে এস্পেরাঞ্জা এবং ইউনিয়ন নামে ভাগ হয়েছিল।

ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও রিও ডি জেনিরোর বড় চার ক্লাব ফ্লামেঙ্গো, ফ্লুমিনেন্স, ভাস্কো দা গামা এবং বোটাফোগোর জার্সি পরা সমর্থকদের মধ্যে সম্প্রীতির পরিবেশ ফুটে ওঠে।

যা দেখে ম্যাচের তারকা রোনালদিনহো বলেন, 'এত লোক সাহায্য করছে দেখে আমি রোমাঞ্চিত। আমি এই কাজের জন্য খুব খুশি এবং আমি রিও গ্র্যান্ডে দো সুলের পক্ষ থেকে এটির প্রশংসা করি। এটা খুবই বিশেষ দিন।'

রোনালদিনহোর নেতৃত্বাধীন ইউনিয়ন দলের হয়ে গোল করেন লুডমিলা, আদ্রিয়ানো ও দিয়েগো। আর এস্পেরাঞ্জার হয়ে গো করেছেন অধিনায়ক কাফু, আর্জেন্টিনার ডি'আলেসান্দ্রো, নেনে, গায়ক এমসি পোজ এবং প্রাক্তন মিডফিল্ডার আমারাল। কাফুর গোলটি সবচেয়ে আকর্ষণীয় ছিল।

ম্যাচে উপস্থিত ছিলেন বন্যা কবলিত শহরের তিনটি ক্লাবের প্রতিনিধি। ইন্টারন্যাশনালের ডি'আলেসান্দ্রো, গ্রেমিওর হয়ে এদিসন এবং জুভেন্তুদের হয়ে নেনে। তিনটি ক্লাবই এই বছর ব্রাজিলিয়ান প্রথম বিভাগ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে। কিন্তু তাদের স্টেডিয়ামগুলি প্লাবিত হওয়ায় ক্লাবগুলি তাদের ম্যাচসহ সব কার্যক্রম স্থগিত করেছে। 

দেশটির সিভিল ডিফেন্সের মতে, দক্ষিণ ব্রাজিলে আঘাত হানা বন্যায় ১৭০ জন নিহত, ৮০৬ জন আহত এবং ৫৬ জন নিখোঁজ রয়েছেন। পাশাপাশি ৪৬৯ টি পৌরসভায় ২.৩ মিলিয়ন লোক ক্ষতিগ্রস্থ হয়েছেন।