যৌন কেলেঙ্কারি

এক মাস পর মুখ খুললেন প্রজ্জ্বল রেভান্না

নারীদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ভারতের কর্ণাটকের জেডিএস সংসদ সদস্য প্রজ্জ্বল রেভান্না বিরুদ্ধে। গত মাসে হাসানের সংসদ সদস্যের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে জার্মানি পালিয়ে যান তিনি। এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে।

প্রজ্জ্বলকে দেশে ফিরিয়ে আনতে একাধিক ব্যবস্থা নিয়েছে কর্ণাটকের সিদ্দারামাইয়া সরকার। এর মধ্যেই একটি ভিডিও আপলোড করে প্রজ্জ্বল রেভান্না জানালেন, আগামী ৩১ মে বিশেষ তদন্তকারী দলের (সিট) মুখোমুখি হবেন তিনি। তার বিরুদ্ধে তদন্তে সবরকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।

গত মাসে প্রজ্জ্বলের বিরুদ্ধে এক গৃহকর্মী যৌন হেনস্থার অভিযোগ তোলেন। তার বিরুদ্ধে বহু নারীকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে। শুধু হেনস্থাই নয়, ওই অপকর্মের ভিডিও রেকর্ড করার অভিযোগও রয়েছে প্রজ্জ্বলের বিরুদ্ধে। খবর এই সময় ও হিন্দুস্তান টাইমসের।

গত মাসে এই ভিডিওগুলোর বেশ কয়েকটি ভাইরালও হয়েছিল। অপকর্মের খবর প্রকাশ্যে আসার পরই দেশ ছেড়ে জার্মানি পালিয়ে গিয়েছিলেন প্রজ্জ্বল। আর ঠিক এক মাস পর ভিডিও প্রকাশ করে জানালেন পুলিশের কাছে ধরা দিতে দেশে ফিরছেন।

কী বলেছেন প্রজ্জ্বল রেভান্না?

ভিডিওতে প্রজ্জ্বলকে বলতে শোনা যায়, ‘৩১ মে সকাল ১০টায় সিটের সামনে হাজির হব। তদন্তে সহযোগিতা করব ও সব অভিযোগের জবাব দেব। আমার আদালতের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। আমি আত্মবিশ্বাসী আদালতের হস্তক্ষেপে মিথ্যা মামলা থেকে রেহাই পাব।’

ভিডিওতে প্রজ্জ্বল তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। পাশাপাশি নিজের পরিবারের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। যদিও প্রজ্জ্বলের এই ভিডিও প্রকাশ্যে আসার পর তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভিডিওতে প্রজ্জ্বল বলেন, ‘ঈশ্বর, জনগণ ও পরিবারের আশীর্বাদ আমার মাথার ওপর সদা থাকুক তা-ই চাই। অবশ্যই আমি ৩১ মে, শুক্রবার সিটের সামনে হাজিরা দেব। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা ফিরে এসে মিথ্যা প্রমাণ করতে পারব। আমার ওপর বিশ্বাস রাখুন।’

কয়েক দিন আগে প্রজ্জ্বলের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে কর্ণাটক সরকার। জারি করা হয় ব্লু কর্নার নোটিসও। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত। প্রজ্জ্বলের মামলায় পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকারও। সাসপেন্ড হওয়া জেডিএস নেতাকে কারণ দর্শানোর নোটিস জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্জ্বলের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী সিদ্দামাইয়া। এরপরই কেন্দ্রের পক্ষ থেকে এই কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়।